দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে অভিযুক্ত ছাত্রদল নেতা অভিযোগ অস্বীকার করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শেখ মোহাম্মদ আবুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত হাসিবুল ইসলাম হাসিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, পূর্বের একটি ঘটনার জের ধরে রাতে ছাত্রদল নেতা হাসিবের নেতৃত্বে কয়েকজন বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ সময় আবুল হাসান ছুরিকাঘাতে আহত হন এবং তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
অন্যদিকে অভিযুক্ত নেতা হাসিবুল ইসলাম হাসিব দাবি করেন, তিনি ওই সময় ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/